
আন্তর্জাতিক ডেস্ক : ডোকালাম নিয়ে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে। বারবার যুদ্ধের হুঁশিয়ারি। সীমান্তে এই উত্তেজনার মধ্যেই আগামী মাসে বেজিংয়ে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন। আর এই সম্মেলন ঘিরে আশাবাদী চিন। সম্মেলনে যোগ দিতে পারেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে থাকবেন চিনের প্রেসিডেন্ট জি জিংপিং। ফলে, সম্মেলনের ফাঁকেই দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা হওয়ার জোর সম্ভাবনা। আর আলোচনা হলে অবশ্যই ডোকালাম ইস্যু উঠতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে একাধিক বিষয়ে ভারত এবং চিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। ফলে, এখন ব্রিকস সম্মেলনের দিকেই তাকিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এই বছর এই সম্মেলন হবে চিনের জিয়ামেন শহরে। ফুডান বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর ব্রিকস স্টাডিজের ডিরেক্টর শ্যেন ই জানিয়েছেন, ‘আশাকরি, জিয়ামেনে এই বছরের ব্রিকস সম্মেলন সদস্য দেশগুলির মধ্যে পারস্পরিক বিশ্বাস ও আস্থা বাড়াতে বেশি কার্যকরী হবে। সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় হবে।’ সংগঠন চিন ও ভারত ছাড়াও এই সম্মেলনে যোগ দেবেন ব্রাজিল, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার শীর্ষ নেতৃত্ব। ফলে, এই বৈঠকে একাধিক বিষয় উঠে আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, সন্ত্রাসবাদ থেকে ব্যবসা সব বিষয় নিয়ে ব্রিকসে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।