
আন্তর্জাতিক ডেস্কঃ পানামা গেট কেলেঙ্কারিতে পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ফলে তার নির্বাচনী আসন (লাহোর-৩) উপনির্বাচনে মনোনয়ন নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। তবে জাতীয় পরিষদের এ আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে আছেন নওয়াজ কন্যা মরিয়ম নওয়াজ এবং স্ত্রী কুলসুম নওয়াজ। নওয়াজের এই আসনে নির্বাচনে মনোনয়নের ব্যাপারে দলটির এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরিফ অযোগ্য ঘোষিত হওয়ার পর এ শূন্য আসনে মনোনয়নের জন্য দলের অভ্যন্তরীণ এক বৈঠকে যথাক্রমে শাহবাজ শরীফ, বেগম কুলসুম নওয়াজ এবং মরিয়ম নওয়াজের নাম উঠে এসেছে।
তবে প্রার্থী মনোনয়নে নওয়াজ শরিফকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার অধিকার দেয়া হয়েছে বলে ওই কর্মকর্তা জানান। তিনি বলেন,লাহোরে পৌঁছানোর পর তিনি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এর আগে সদ্য পদচ্যুত এই প্রধানমন্ত্রী তার ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ প্রধানমন্ত্রীর মসনদে বসবেন বলে প্রত্যাশা করেছিলেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগে পাঞ্জাবের এই মুখ্যমন্ত্রীকে জাতীয় পরিষদের সদস্য হওয়ার জন্য এনএ-১২০ আসনে লড়াই করে বিজয়ী হতে হবে।
কিন্তু পরে দলের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে শেষমেষ নেওয়াজ শরীফের ছোটভাই শাহবাজ শরিফের নাম প্রত্যাহার করে নেয়া হয়েছে । পিএমএল-এন’র নেতারা বলছেন, পাঞ্জাব প্রদেশে মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের অনুপস্থিতিতে, কেবলমাত্র পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য পাঞ্জাবের চলমান মেগা প্রকল্পগুলোর গতি নষ্ট হবে না বরং দলীয় শক্তি-সমর্থনও নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলবে। ১৯৯৯ সালে পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফ নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের সময় কারাবন্দি নওয়াজের অনুপস্থিতিতে দলীয় নেতৃত্ব দিয়েছিলেন স্ত্রী বেগম কুলসুম নওয়াজ। তবে নওয়াজের মেয়ে মরিয়ম এবং স্ত্রী কুলসুম দেশটির কোনো নির্বাচনেই এখন পর্যন্ত অংশ নেননি।