
আন্তর্জাতিক ডেস্ক : একদিকে যখন মহাকাশে মানুষ পাঠানোর জন্য প্রস্তুত হচ্ছে GSLV-Mk3 রকেট, অন্যদিকে তখন সমুদ্রের একেবারে গভীরে পৌঁছতে বিশেষ যান তৈরি করছে ভারত। সেই যানে চেপেই মানুষ ডুব দেবে সমুদ্রের একেবারে তলদেশে। চাক্ষুষ করবে অতল সমুদ্রের তল। ভারতের ESSO-National Institute of Ocean Technology (NIOT) এই যান তৈরি করছে। আগামী পাঁচ বছরের মধ্যেই তৈরি হয়ে যাবে সেই ডুবো-যান। আর এই বিশেষ যান তৈরীতে খরচ হবে ৫০০ কোটি ভারতীয় টাকা।
এই যানে চেপে সমুদ্রের তলায় ৬ কিলোমিটার গভীর পর্যন্ত যেতে পারবে মানুষ। সেখানে থাকা মূল্যবান খনিজের সন্ধানও করতে পারবে সহজেই। আরও অনেক নতুন অজানা প্রাণ আবিষ্কারও হতে পারে। এই যান তৈরি হলে বিশ্বের মাত্র হাতে গোলাম কয়েকটি দেশের মধ্যে অন্যতম হবে ভারত, যারা যানে চেপে সমুদ্রের তলায় যাওয়ার ক্ষমতা রাখে। তবে বর্তমানে রাশিয়া, আমেরিকা, ফ্রান্স ,জাপানের ও চীনের হাতে এই ক্ষমতা সম্পন্ন যান রয়েছে।
NIOT ডিরেক্টর সতীশ শেনোই জানিয়েছেন, সরকারের অনুমোদন পেলেই তাঁরা কাজ শুরু করবেন। তার আগে তাঁদের ডিজাইন খতিয়ে দেখবে ইসরো, ডিআরডিও ও আইআইটির গবেষকেরা। একটি জাহাজ থেকে জলের তলায় ডুবে যাবে ওই যান। ৮ থেকে ১০ ঘণ্টা থাকতে পারবে সেখানে। একটি রোবোটিক হাত থাকবে যেটি সমুদ্রের তলদেশ থেকে বিভিন্ন স্যাম্পল নিয়ে আসতে পারবে। কাঁচ থেকে বাইরের দৃশ্য স্পষ্ট দেখা যাবে। বড় আকারের যান তৈরির আগে ৫০০ মিটার গভীরে যাওয়ার জন্য বছর তিনেকের মধ্যেই একটি ক্ষুদ্র আকারের যান তৈরি করা হবে। টাইটানিয়াম দিয়ে তৈরি হবে এই যান। এটি জলের চাপ সহজেই সহ্য করতে পারে।