
আন্তর্জাতিক ডেস্কঃ আনুষ্ঠানিক ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। গতকাল শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন শহিদ আব্বাসি। নতুন প্রধানমন্ত্রীর সঙ্গেই শপথ নিলেন তাঁর মন্ত্রিসভার সদস্যরাও। তাৎপর্যপূর্ণভাবে নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন একজন হিন্দুও। প্রসঙ্গত,গত ২০ বছরেরও বেশি সময় পর এই প্রথম ইসলামিক রাষ্ট্র পাকিস্তানে মন্ত্রী হলেন কোনো হিন্দু। এ দিন ইসলামাবাদে নিজের সরকারি বাসভবনেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শহিদ আব্বাসি। তাঁর সঙ্গে শপথ নিলেন ২৮ জন পূর্ণমন্ত্রী ও ১৯ জন রাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী পদে শপথ নিয়েছেন দর্শন লাল নামে এক হিন্দু সাংসদও। তাঁকে পাকিস্তানের চারটি প্রদেশের মধ্যে সমন্বয় রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
পাকিস্তান প্রশাসন সূত্রে খবর,সিন্ধু প্রদেশের মিরপুর মাথেলো শহরের বাসিন্দা দর্শন লাল পেশায় চিকিৎসক। ২০১৩ সালে ভোটে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত এক আসন থেকে শাসকদল মুসলিম লিগ (নওয়াজ) এর টিকিটে দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হন দর্শন। উল্লেখ্য,গত ২৮ জুলাই পানামা পেপারস কেলেঙ্কারিতে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দোষী সাব্যস্ত করেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। সে দেশের শীর্ষ আদালত বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকার যোগ্য নন শরিফ। এর পরই প্রধানমন্ত্রী পদ খোয়াতে হয় তাঁকে। প্রাথমিক ঠিক হয়েছিল,নওয়াজের পরিবর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন তাঁর ভাই শাহবাজ শরিফ। কিন্তু,পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ সাংসদ নন। তাই নওয়াজ শরিফ মন্ত্রিসভারই সদস্য শহিদ আব্বাসিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নেয় মুসলিম লিগ (নওয়াজ)।