
আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের পশ্চিমাঞ্চলীয় দোতি জেলায় গাড়ি দুর্ঘটনায় নয় জন নিহত ও অপর সাত জন আহত হয়েছেন। আজ শনিবার পুলিশ এ কথা জানিয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা শিবা বাহাদুর সিংহ বলেন,গাড়িটি জেলার বোটাগান এলাকার একটি পার্বত্য রাস্তা থেকে ছিটকে প্রায় ৫শ’ মিটার নিচের গিরিখাতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নয় জন নিহত হন।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান,এই ঘটনায় আহত সাত জনের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। যাত্রীবাহী জিপ গাড়িটিতে ১৬ আরোহী ছিল। গাড়িটি দোতি থেকে দিপায়াল জেলার চামারাচাউতারা এলাকায় যাচ্ছিল। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৮শ’ কিলোমিটার পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে।