News71.com
 International
 05 Aug 17, 11:41 AM
 230           
 0
 05 Aug 17, 11:41 AM

দিল্লি-ঢাকা সম্পর্ক অতীতের যেকোন সময়ের চেয়ে ভালো ।। রাজ্যসভায় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ  

দিল্লি-ঢাকা সম্পর্ক অতীতের যেকোন সময়ের চেয়ে ভালো ।। রাজ্যসভায় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ   

আন্তর্জাতিক ডেস্কঃ বর্তমানে দিল্লি-ঢাকা সম্পর্ক যেকোন সময়ের চেয়ে ভালো বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি গত বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভায় ভারতের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অংশীদারদের সঙ্গে সম্পৃক্ততা’ শীর্ষক আলোচনার একপর্যায়ে তিনি এ কথা জানান। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তাঁর দেশের কৌশলগত অংশীদার হিসেবে বাংলাদেশের নাম উঠে আসে। সুষমা স্বরাজ দাবি করেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের পররাষ্ট্রনীতি এতটাই শক্তিশালী যে ভারত এখন বৈশ্বিক এজেন্ডা ঠিক করছে এবং বিশ্ব অঙ্গনে বিচ্ছিন্ন থাকার ভাবনাও প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে আমাদের জোরালো সম্পর্ক আছে। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গৌরব বয়ে এনেছেন।

তিনি আরো বলেন,আজ বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাুপটে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়েই ভারতের পাশে আছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন,আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিষয়ে ভারতের উদ্বেগের সঙ্গে রাশিয়াও একমত। পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়নের রোডম্যাপ প্রসঙ্গে সুষমা স্বরাজ বলেন, ভারত সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়নে অনেকবারই চেষ্টা করেছে। কিন্তু সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে যায় না।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) বর্জন প্রসঙ্গে তিনি বলেন,আমরা সিপিইসি বর্জন করেছি। কারণ এটি পাকিস্তান দখলকৃত কাশ্মীরের (পিওকে) মধ্য দিয়ে যাচ্ছে। পিওকে ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটি ভারতের সার্বভৌমত্বের বিষয়। পররাষ্ট্রনীতি এবং ভারত-পাকিস্তান সম্পর্কের গন্তব্য বিষয়ে বিরোধীদের উদ্বেগ প্রত্যাখ্যান করে সুষমা বলেন,পাকিস্তান যেদিন সন্ত্রাস বন্ধ করবে সেদিনই ভারত আলোচনা শুরু করবে।

প্রতিবেশীদের থেকে ভারত বিচ্ছিন্ন হয়ে পড়ছে বিরোধী দলের সাংসদের এমন উদ্বেগ প্রসঙ্গে সুষমা স্বরাজ বলেন, পানি সংকটের সময় মালদ্বীপকে ভারত সহযোগিতা করেছে। শ্রীলঙ্কায় বন্যায়,নেপালে ভূমিকম্পের পর ত্রাণ পৌঁছানোর কাজে ভারতের অগ্রণী ভূমিকা ছিল। বাংলাদেশের সঙ্গেও চমৎকার সম্পর্ক আছে। ডোকলামে চীনের কর্মকাণ্ড ভারতের জন্য উদ্বেগজনক বলে স্বীকার করে সুষমা বলেন,ভারত কূটনৈতিকভাবেই এ সংকট নিরসনের চেষ্টা করবে। দিল্লি মনে করে,যুদ্ধ কোনো সমাধান নয়। তবে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই চীনা দূতের সঙ্গে বৈঠক করার জন্য তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন