
আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের মানুষের আত্মনিয়ন্ত্রণের লড়াইকে নৈতিক ও কূটনৈতিক সমর্থন করছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহিদ খান আব্বসিও। আব্বাসির মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তেই স্পষ্ট তিনিও কাশ্মীরে অশান্তি ও বিচ্ছিন্নতাবাদ উস্কানি দিয়েই যাবেন। মন্ত্রিসভার বৈঠকে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে পাকিস্তান প্রধানমন্ত্রী বলেছেন,সুপ্রিম কোর্টের রায়ে বরখাস্ত হওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ‘উন্নতি ও গণতন্ত্রের’ জন্য যে উদ্যোগ নিয়েছিলেন, সেই পথেই হাঁটবে নয়া সরকার।
গতকাল শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে ৩২টি বিষয়সূচির কথা বলেন আব্বাসি। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর,লোডশেডিংয়ের সমস্যা মেটানোর জন্য বিদ্যুৎ প্রকল্প,আর্থিক ব্যবস্থার হাল ফেরানো এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইসহ নওয়াজ সরকারের সব প্রকল্পই এগিয়ে নিয়ে যাওয়া হবে। আগামী ১০ মাসে ১০ বছরের উন্নয়নমূলক পরিকল্পনা সম্পূর্ণ করা হবে বলেও জানিয়েছেন আব্বাসি।