
আন্তর্জাতিক ডেস্কঃ দেশের বাইরে সোমালিয়ায় সবচেয়ে বড় সামরিক ঘাঁটি নির্মান করছে তুরস্ক। এ ব্যাপারে সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আবদিরাশিদ আবদুল্লাহি মোহামেদ এক বিবৃতিতে জানান,দুই বছর আগে নির্মাণ শুরু হওয়া এই ঘাঁটির উদ্বোধন হবে সেপ্টেম্বরে। এই ঘাঁটি সোমালি সেনাবাহিনীকে শক্তিশালী করবে জানিয়ে মন্ত্রী বলেন,আমরা ঘাঁটিতে সেনা মোতায়েন শুরু করবো। আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী এখানে প্রশিক্ষণ নেবে। জানা গেছে,চার বর্গ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে নির্মিত এই ঘাঁটিতে একসঙ্গে দেড় হাজার সেনার প্রশিক্ষণ দেয়া সম্ভব। এই সামরিক ঘাঁটিতে তিনটি সামরিক আবাসিক কমপ্লেক্স এবং স্কুল থাকবে। সোমালি সেনাবাহিনীকে প্রশিক্ষণ এবং ঘাঁটির নিরাপত্তার জন্য ২০০ তুর্কি সেনা মোতায়েন করা হবে বলে সোমালিয়ার তুর্কি দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য,দেশটির খরাপীড়িত জনগণকে সাহায্য করতে গত বছর সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সবচেয়ে বড় দূতাবাসও খুলেছে তুরস্ক।