
আন্তর্জাতিক ডেস্ক : রুশ- মার্কিন কুটনৈতিক সম্পর্ক বিপজ্জনক পর্যায়ে নেমে গেছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । যদিও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই রাশিয়ার সাথে ডোনাল্ড ট্রাম্পের গোপন আতাতের অভিযোগ চলে আসছে। আর তারই জের ধরে মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করে মার্কিন কংগ্রেস। গত বুধবার রাশিয়ার বিরুদ্ধে সেই অবরোধে স্বক্ষরও করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই গতকাল বৃহস্পতিবার তিনি রাশিয়া ইস্যুতে মুখ খুলেছেন। এসময় ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হঠাৎ করে বিপজ্জনক পর্যায়ে নেমে গেছে। মুলত এই মন্তব্য করেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপের সিদ্ধান্তে তার চাপা অসন্তোষের বহি:প্রকাশ ঘটিয়েছেন । কারন তিনি কখনই চাননি মার্কিন কংগ্রেস এমন একটি বিল আনুক যাতে রুশ-মার্কিন সম্পর্কের অবনতি হয় ।
প্রসঙ্গত, ট্রাম্প এই নিষেধাজ্ঞা প্রস্তাবের বিরোধিতা করেছিলেন। তিনি বলেছেন, কংগ্রেস একটি ভুল করতে যাচ্ছে। কংগ্রেসের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প আরো বলেছেন, প্রেসিডেন্ট হিসাবে কংগ্রেসের চেয়ে আমিই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে ভালো বুঝি। আর তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তিনি বলেন, ওয়াশিংটন-মস্কোর কূটনৈতিক সম্পর্কে খুব খারাপ সময় যাচ্ছে। এছাড়া কংগ্রেসের এই সিদ্ধান্তে কিছুটা বিদ্রূপ করে প্রেসিডেন্ট বলেন, এই কংগ্রেস রাশিয়ার মতো দেশের বিপক্ষে অবরোধ অনুমোদন করতে পারে। অথচ সেই একই কংগ্রেস মার্কিন জনগণের জন্য একটি স্বাস্থ্যবিলে সম্মতি দিতে পারে না। উল্লেখ্য, কংগ্রেসের বাধার কারণে বারাক ওবামার স্বাস্থ্যবিল ‘ওবামা কেয়ার’ বাতিলের চেষ্টায় সফল হতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প।