News71.com
 International
 04 Aug 17, 12:37 PM
 181           
 0
 04 Aug 17, 12:37 PM

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে ভারতীয় সংসদে অসহযোগিতার অভিযোগ আনলেন মন্ত্রী উমা ভারতী.....

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে ভারতীয় সংসদে অসহযোগিতার অভিযোগ আনলেন মন্ত্রী উমা ভারতী.....

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে অসহযোগিতা করার অভিযোগ উঠেছে । আর এই অভিযোগ করেছেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী উমা ভারতী।। অভিযোগের তীর সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপধ্যায় পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার ভারতীয় সংসদ তথা লোকসভায় প্রকাশ্যে এমনই অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী।

এদিন লোকসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী সংসদে জানান যে জলসম্পদ, নদী উন্নয়ন এবং গঙ্গা পুনরুজ্জীবন সংক্রান্ত বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া মিলছে না। অভিযোগের সুরে আইনসভায় দাড়িয়ে তিনি আরও বলেন, “উল্লিখিত বিষয়গুলি নিয়ে বৈঠক করতে আমি যখন আমার পুরো দল নিয়ে পশ্চিমবঙ্গে যাই, তখন আমাদের আগ্রহ থাকা সত্ত্বেও রাজ্যের কোনও আধিকারিক কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসেন না। প্রয়োজনীয় অডিট রিপোর্টও রাজ্য কেন্দ্রকে জমা দেয় না। এমনকী পশ্চিমবঙ্গে চালু থাকা যেসব কেন্দ্রীয় প্রকল্পে নয়াদিল্লি টাকা পাঠাচ্ছে, সেগুলিরও ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ আমরা পাচ্ছি না।”

উন্নয়নের কাজ সঠিক পথে যাতে হয় তার জন্য সকল সাংসদদের কাছে বিশেষ অনুরোধ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। তাঁর কথায়, “বাংলার সাংসদদের মাধ্যমে আমি হাত জোড় করে রাজ্য সরকারকে অনুরোধ করছি, অনুগ্রহ করে যাবতীয় নথিপত্র যথা সময়ে কেন্দ্রের কাছে জমা দিন। কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের একটি অস্তিত্ব আছে। তেমনই সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকেরও একটি অস্তিত্ব আছে। তা মেনে আমাদের হাতে যাবতীয় রিপোর্ট তুলে দেওয়ার ব্যবস্থা করুক রাজ্য সরকার, যাতে আমরা বাংলায় কিছু কাজ করতে পারি।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন