
আন্তর্জাতিক ডেস্কঃ সারা বিশ্বের লাখ লাখ মুসলমান প্রতি বছর হজ করতে যান সৌদি আরবে। তাই এসময় হজ কেন্দ্রীক সৌদি আরবের আর্থিক লেনদেনের হার বেড়ে যায় বছরের অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি। সঙ্গত কারণেই অনেকের মনে প্রশ্ন জাগে, হজ ও ওমরাহ পালন করতে আসা সারা বিশ্বের মুসলমানদের কাছ থেকে প্রকৃতপক্ষে কত টাকা আয় করে সৌদি সরকার? জানাগেছে গত বছর ওমরাহ ও হজ মিলিয়ে মোট ৮৩ লাখ মানুষ সৌদি আরব যান। এরমধ্যে ৬০ লাখের বেশি মানুষ ওমরাহ পালন করেন। আর বাকী ২৪/২৫ লাখ মানুষ রুটিন মাফিক হজ পালন করেন । হিসাব অনুযায়ি গত বছর হজ থেকে সৌদি আরবের সরাসরি রোজগার হয়েছিল প্রায় ১২ বিলিয়ন ডলার। এছাড়া যারা হজ করতে সৌদি আরবে যান তারা মোট ২৩ বিলিয়ন ডলার খরচ করেন। সেখান থেকেও বিভিন্ন প্রকার ভ্যাট-ট্যাক্স মিলিয়ে সৌদি সরকার আরও ৩/৪ বিলিয়ন ডলার আয় করে থাকেন ।
মক্কার চেম্বার অব কমার্সের পরিসংখ্যান অনুযায়ী, বাইরের দেশ থেকে আসা মুসলমানরা মাথাপিছু ব্যয় করেন ৪৬০০ ডলার। তবে একেক দেশ থেকে আসা হজপ্রত্যাশীদের জন্য আবার একেক রকম খরচ। যেমন ইরান থেকে আসা মানুষদের মাথাপিছু ৩ হাজার ডলার খরচ হয়। এরমধ্যে যাত্রা,খাওয়া,কেনাকাটা সব খরচই ধরা হয়। পাকিস্তান ও বাংলাদেশিদেরও মোটামুটি এরকমই খরচ হয়। তবে বিভিন্ন দেশে থেকে সৌদি আরবে হজ করতে আসা মুসলমানদের মধ্যে মধ্যে ইন্দোনেশিয়ার মুসলমানের সংখ্যাই বেশি। সেখান থেকে ২ লাখ ২০ হাজার মানুষ প্রতিবছর হজে যান।এটা মোট হজপ্রত্যাশীর সংখ্যার প্রায় ১৪%। এরপরই রয়েছে পাকিস্তান (১১%),ভারত (১১%) ও বাংলাদেশ (৮%)। গেলো এক দশকে গড়ে ২৫ লাখ মুসলমান হজ করেছেন। নানা দেশ থেকে মুসলমানদের প্রায় ৮০ শতাংশ মানুষই ওমরাহ করেন। ৭ বছর আগে ওমরাহ করতে যাওয়া মানুষের সংখ্যা ছিল ৪০ লাখের কাছাকাছি। বর্তমানে এই সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে । আর রুটিন মাফিক পবিত্র হজ পালনে আসেন কমবেশী ২৫ লাখ ধর্মপ্রান মুসলমান ।