News71.com
 International
 03 Aug 17, 01:45 AM
 200           
 0
 03 Aug 17, 01:45 AM

জার্মান সাংবাদিকের অভিযোগ, বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে কর ফাঁকি দিয়েছেন ইমরান

জার্মান সাংবাদিকের অভিযোগ, বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে কর ফাঁকি দিয়েছেন ইমরান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানি রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান একটি বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিৎজার পুরস্কারজয়ী এই জার্মান সাংবাদিক ফ্রেডেরিক ওবারমাইয়ার গত সোমবার টুইটারে এক বার্তায় এ অভিযোগ করেন। পানামা পেপারস নামে পরিচিত নথিপত্রের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিক ও ব্যবসায়ীদের গোপন লেনদেনের তথ্য ফাঁস করার প্রক্রিয়ায় যুক্ত দলটির একজন সদস্য হিসেবে ওবারমাইয়ার কাজ করেছেন। তিনি বলেন, নিয়াজি সার্ভিসেস নামের একটি বিদেশি কোম্পানির মাধ্যমে ইমরান খান যুক্তরাজ্যে কর ফাঁকি দিয়েছেন।

পিটিআইয়ের প্রধান ইমরান খানের পাশাপাশি দলটির মহাসচিব জাহাঙ্গীর তারিনের অপ্রদর্শিত সম্পত্তি এবং বিদেশি লেনদেনের অভিযোগে সুপ্রিম কোর্টে চলমান একটি মামলায় নিয়াজি সার্ভিসেসের নাম ইতিমধ্যে আলোচনায় এসেছে। পিটিআই বিদেশি অর্থ গ্রহণ করেছে বলেও অভিযোগ আছে। লন্ডনের ড্রেকট অ্যাভিনিউতে ইমরানের অ্যাপার্টমেন্টের মালিকানার অর্থের উৎস জানতে চেয়েছেন আদালত। ইমরান দাবি করেছেন, নিয়াজি সার্ভিসেসের মাধ্যমে তিনি ওই অ্যাপার্টমেন্ট কিনেছেন। আদালতে ইমরানের পেশ করা নথিপত্র অনুযায়ী তিনি ১৯৮৪ সালে ওই অ্যাপার্টমেন্ট বন্ধক রাখেন। এটা কিনতে তাঁর ১ লাখ ১৭ হাজার ব্রিটিশ পাউন্ড খরচ হয়েছিল।

পিটিআইয়ের প্রধান ইমরান এক বিবৃতিতে আদালতকে বলেছেন, তাঁর লন্ডনের অ্যাপার্টমেন্ট পাকিস্তানি আয়কর রিটার্নের অন্তর্ভুক্ত না হলেও ২০০০ সালের এক দায়মুক্তি ব্যবস্থার আওতায় সেটার উল্লেখ ছিল।ইমরানের পরামর্শক নাইম বোখারি আদালতকে বলেন, তাঁর মক্কেলের জানামতে বিদেশি উপার্জন পাকিস্তানে করমুক্ত। এ কারণেই তিনি লন্ডনের অ্যাপার্টমেন্টের জন্য কোনো কর দেননি। পানামা পেপারস ফাঁসের পর শরিফ পরিবার ও তাদের আর্থিক লেনদেন নিয়ে দেড় বছর ধরে ব্যাপক আলোচনা হয় এবং সুপ্রিম কোর্ট নওয়াজকে প্রধানমন্ত্রী পদের অযোগ্য ঘোষণা করেন। ওই রায় প্রকাশের দিনেই (গত ২৮ জুলাই) নওয়াজ পদত্যাগ করেন। নওয়াজ পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাকিস্তানের জবাবদিহি আদালতে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন