News71.com
 International
 03 Aug 17, 01:01 AM
 867           
 0
 03 Aug 17, 01:01 AM

উত্তর কোরিয়ার শত্রু নয় যুক্তরাষ্ট্র ।। পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মুখে ভিন্নসুর

উত্তর কোরিয়ার শত্রু নয় যুক্তরাষ্ট্র ।। পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মুখে ভিন্নসুর

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র কি সরে আসছে তাদের পূর্বের অবস্থান থেকে । মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গত মঙ্গলবার এমনটাই ইঙ্গিত দিলেন তার বক্তব্যে । কোরিয় উপদ্বীপে চরম উত্তেজনার মাঝে তিনি হঠাৎ করেই সেদিন বলেছেন, উত্তর কোরিয়ার সরকার উৎখাতের কোনো ইচ্ছাই নেই যুক্তরাষ্ট্রের । এখন ওয়াশিংটন কিছু বিষয় নিয়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনায় বসতে চায়। তবে তার আগে উত্তর কোরিয়া কখনোই পারমাণবিক অস্ত্র বানাবে না, সেই নিশ্চয়তা দিতে হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আবারও বলেন, ওয়াশিংটন শান্তিপূর্ণ উপায়ে চাপ প্রয়োগের মাধ্যমে উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক অস্ত্র প্রকল্প থেকে বিরত রাখতে চায়। টিলারসন তার বক্তব্যে পিয়ংইয়ংয়ের উদ্দেশে বলেছেন, ‘আমরা আপনাদের শত্রু নই। আমরা আপনাদের জন্য কোনো হুমকিও নই। কিন্তু আপনারা আমাদের দিকে একটা অগ্রহণযোগ্য হুমকি দিচ্ছেন এবং আমাদের সেটার জবাব দিতে হবে।’

উল্লেখ্য উত্তর কোরিয়া সম্প্রতি পরীক্ষামূলকভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় প্রতিবেশী একাধিক দেশ এবং যুক্তরাষ্ট্রের উদ্বেগ বেড়েছে। টিলারসন শান্তিপূর্ণ সমঝোতার লক্ষ্যে আলোচনার ইঙ্গিত দিলেও রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে বলেছেন উত্তর কোরিয়া যদি ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখে—একটা যুদ্ধ বেধে যাবে। পিয়ংইয়ং ইতিমধ্যে দাবি করেছে, তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল অবধি আঘাত হানার সামর্থ্য রাখে।

এদিকে উত্তর কোরিয়া গত শুক্রবার নিজেদের আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) দ্বিতীয় পরীক্ষা চালায়। দেশটির নেতা কিম জং-উন এই সাফল্যের পর উল্লাস প্রকাশ করেছেন। জাতিসংঘ এবং শক্তিধর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ও অবরোধ উপেক্ষা করেই পিয়ংইয়ং একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। তারা মার্কিন ভূখণ্ডে আঘাত হানার উপযোগী করে পারমাণবিক অস্ত্র পরিবহনে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির অঙ্গীকার করেছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক কয়েকটি পরীক্ষায় উত্তর কোরিয়া বুঝিয়ে দিয়েছে তারা চাইলে যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় আঘাত হানতে পারবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন উত্তর কোরিয়ার প্রতিবেশী ও ঘনিষ্ঠ দেশ হিসেবে পরিচিত চীনের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন, তারা যেন পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনায় বসে এবং নিজেদের প্রভাব কাজে লাগিয়ে একটি গঠনমূলক সংলাপের পরিস্থিতি তৈরি করে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন আরও বলেছে, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসে বিভিন্ন বিষয়ে সমঝোতার সব সুযোগ আছে। সামরিক আলোচনার সুযোগও আছে। উল্লেখ্য প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচন কালীন প্রচারে একবার উত্তর কোরিয়ার নেতার সাথে বৈঠকে বসার আগ্রহের কথা জানিয়েছিলেন । যদিও সকলেই তখন ট্রাম্পের এই বক্তব্যকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছিল । কিন্ত ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্য আজ বাস্তবে রূপ পেতে যাচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন