
আন্তর্জাতিক ডেস্ক : ডোকালাম সীমান্তর বিবাদে ফের একবার চিনকে জবাব দিল ভারত৷ ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ স্পষ্ট জানিয়েছেন, সীমান্তে শান্তির মাধ্যমেই সম্পর্কের উন্নতি হতে পারে৷ এর আগে গত বুধবার চিন, ভারতকে বিনা শর্তে ডোকালাম থেকে সেনা সরিয়ে নেওয়ার জন্য ১৫পৃষ্ঠার একটি বয়ান পেশ করে৷ আর চিনের বয়ান পেশ করার পরই ভারতের বিদেশমন্ত্রক আনুষ্ঠানিকভাবে নিজেদের জবাব জানিয়ে দিয়েছে৷ বিদেশমন্ত্রক প্রধানের বক্তব্য, চিনের সঙ্গে সম্পর্ক তখনই ঠিক হবে যখন দুই দেশ সীমান্তে শান্তি স্থাপনের পথে হাঁটবে৷
এদিকে, ডোকালামে চিনের সড়ক নির্মাণে দুশ্চিন্তা প্রকাশ করেছে ভারত ৷ প্রসঙ্গত, ভারত এই এলাকাকে ডোকা লা বলে মনে করে৷ তবে ভুটান একে ডোকালামের বলে স্বীকৃতি দিয়েছে৷ আবার চিনের মতে এই এলাকা তাদেরই একটি অংশ৷ ভুটানের সঙ্গে ডোকালাম নিয়ে তাদের কোনও বোঝাপড়ায় তৃতীয় পক্ষ হিসেবে ভারতের ঢুকে পড়া অর্থহীন৷ ভারতকে তাই সেনা সরানোর হুমকি দিলেও, ভারত যে সেই পথে হাঁটেনি তা স্পষ্ট করে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে৷