
আন্তর্জাতিক ডেস্ক : তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠল দুর্নীতির মারাত্মক অভিযোগ। অভিষেকের সংস্থা কলকাতার একটি বিতর্কিত প্রোমোটিং সংস্থার থেকে বড় অঙ্কের টাকা নিয়েছে বলে অভিযোগ তুলেছে সর্বভারতীয় জনপ্রিয় ইংরেজি টিভি চ্যানেল ‘টাইমস নাও’। ঐ টিভি চ্যানেলের দাবি, এই অভিযোগ সংক্রান্ত নথিও তাদের হাতে রয়েছে। বেশ কয়েকটি নথি টিভি চ্যানেলে দেখানোও হয়েছে। উল্লেখ্য অভিষেক শুধু তৃণমূল কংগ্রেসের সাংসদ নন, তিনি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিও বটে। কিন্তু তাঁর সবচেয়ে বড় পরিচয়— তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পশ্চিমবাংলাসহ গোটা ভারতের জাতীয় রাজনীতিতে।
'টাইমস নাউ' এর প্রকাশিত ওই খবরে বলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার নাম 'লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড’। আর সেই সংস্থাই কলকাতার বিতর্কিত প্রোমোটার রাজকিশোর মোদীর থেকে মোটা টাকা নিয়েছে। উল্লেখ্য, রাজকিশোর মোদী এখন জমি জবরদখল ও খুনের মামলায় বিচারাধীন। টাইমস নাও-এর দাবি অনুযায়ী, এক কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। যে সময়ে ওই কমিশন ‘লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড’ সংস্থাকে দেওয়া হয় তখনও পর্যন্ত সংস্থার ডিরেক্টর ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সাংসদ অভিষেকের পাশাপাশি ওই খবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে, গত ২০০৯ সালে জমি জবরদখল ও খুনের মামলায় রাজকিশোর মোদীর গ্রেফতারের দাবিতে সরব হন স্বয়ং তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি । টাইমস নাও ২০১২ ও ২০১৩ সালের যে নথি দেখিয়ে এই অভিযোগ তুলেছে তাতে দাবি করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজকিশোর মোদীর মধ্যে যোগাযোগের মধ্যে রয়েছে নামঅশোক তুলসিয়ান নামের আরও এক ব্যক্তি । এই ব্যক্তি রাজকিশোর মোদীর সংস্থা ‘গ্রিন টেক সিটি প্রাইভেট লিমিটেড’-এর একজন ডিরেক্টর। আবার তিনিই অভিষেকের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড’-এর অডিটর।