
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন নেওয়াজ ঘনিষ্ট বর্তমান জ্বালানি মন্ত্রী শহীদ খাকান আব্বাসী । তবে নেওয়াজের ভাই শাহবাজ শরীফ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসার পর প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে তাকে । দূর্নীতির দায়ে আদালতের উচ্চ আদালতের নির্দেশে অপসারিত পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিমলীগ (নেওয়াজ) এমনটাই সিদ্ধান্ত নিয়েছে আজ। তাই কুর্সি ছাড়লেও আপাতত ক্ষমতার রাস তার হাতেই থাকছে । আজ শনিবার নওয়াজ শরীফের নেতৃত্বেই পিএমএল-এন এর বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে । দেশটির পার্লামেন্টে পিএমএল-এন বড় ব্যবধানে একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় কোনোরকম বাঁধা বিঘ্ন ছাড়াই শাহবাজকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারবে। ন্যাশনাল অ্যাসেম্বলিতে নওয়াজ শরীফের ফাঁকা হওয়া আসনে উপ-নির্বাচনে অংশ নেবেন শাহবাজ যা পিএমএল-এন এর শক্ত ঘাটি বলে খ্যাত।
আজকের সভায় সম্মত হওয়া রূপরেখা অনুযায়ী বর্তমানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা নেওয়াজ শরীফের ভাই শাহবাজকে শরীফকে পাঞ্জাব অ্যাসেম্বলির আসন ত্যাগ করতে হবে। সেক্ষেত্রে তার স্থলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে পারেন পাঞ্জাবের শুল্ক মন্ত্রী মুজতবা সুজাউর রহমান। বৈঠকে পিএমএল-এন নেতৃত্বের সঙ্গে নওয়াজ শরীফের ঘনিষ্ঠ বলে পরিচিত চৌধুরী নিসার আলি খান, আহসান ইকবাল, আয়াজ সাদিক, সাদ রফিক, রানা তানভির, শহীদ খাকান আব্বাসী ও শাহবাজ শরীফ। বৈঠক শেষে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি পিএমএল-এন। উল্লেখ্য গতকাল শুক্রবার পানামা পেপারস সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগে নওয়াজ শরীফকে পাকিস্তানের সুপ্রিম কোর্টের ৫ বিচারপতি সর্বসম্মতভাবে প্রধানমন্ত্রী পদে স্থায়ীভাবে অযোগ্য ঘোষণা করে। এরপর তিনি নিজে থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।