
আন্তর্জতিক ডেস্কঃ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চিফ অব স্টাফকে বদলানোর ঘোষণা দিয়েছেন। ফলে মাত্র ছয় মাসের মাথায় অপসারিত হলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তা রেইন্স প্রাইবাস। নতুন কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচির নিয়োগের পর থেকেই চাপে ছিলেন মি. প্রাইবাস। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গণমাধ্যমের কাছে গোপন তথ্য ফাঁস করছেন। এ রকম অভিযোগ নিয়ে একটি টুইটও করেছেন মি. স্কারামুচি, যদিও অনতিবিলম্বে তা মুছে ফেলেন তিনি। আর এ রকম প্রেক্ষাপটেই সামাজিক যোগাযোগের মাধ্যমে এলো এই পরিবর্তনের ঘোষণা।
নতুন চিফ অব স্টাফ হচ্ছেন হোমল্যান্ড সিকিউরিটির ডিরেক্টর জেনারেল জন কেলি। তার নামটিও টুইটের মাধ্যমে প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নতুন চিফ অব স্টাফ জন কেলি মেরিন কর্প থেকে অবসরপ্রাপ্ত একজন চার তারকা জেনারেল। বর্তমানে তিনি হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্বে আছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বর্ণনায় তিনি(নতুন চিফ অব স্টাফ) একজন 'গ্রেট আমেরিকান' এবং 'সত্যিকারের তারকা'। অবশ্য মার্কিন গণমাধ্যমগুলোতে খবর দেওয়া হচ্ছে, বৃহস্পতিবার প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র পেশ করেন মি. প্রাইবাস। হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানাচ্ছেন, আগামী সোমবার থেকে নতুন দায়িত্ব গ্রহণ করবেন জেনারেল কেলি।