
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিংয়ে অনির্দিষ্টকালের বন্ধ্ (হরতাল) গতকাল বৃহস্পতিবার একাদশ দিনে পড়েছে। অব্যাহতভাবে অশান্ত পরিস্থিতির অবসানে গতকাল রাজ্য সরকারের তরফে শিলিগুড়িতে সর্বদলীয় বৈঠক ডাকা হলেও তাতে অধিকাংশ দল যোগ দেয়নি। রাজ্য সরকার পশ্চিমবঙ্গে বিদ্যালয় পর্যায়ে বাধ্যতামূলকভাবে বাংলা ভাষা পড়ানোর নির্দেশ দেওয়ায় ক্ষুব্ধ গোর্খা জনমুক্তি মোর্চা ১২ জুন থেকে অনির্দিষ্টকালের এ বন্ধের ডাক দেয়।গতকাল দুপুরে শিলিগুড়ির সার্কিট হাউসে বৈঠক বসে। এতে বিজেপি, কংগ্রেস, বাম দলসহ পাহাড়ের কোনো রাজনৈতিক দল যোগ দেয়নি। যোগ দিয়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, এনসিপি ও বিএসপি। যোগ দিয়েছেন রাজ্যের তিন মন্ত্রীও। বৈঠকে জেলায় শান্তির আবহ তৈরি করতে দার্জিলিংবাসীর প্রতি আহ্বান জানানো হয়।এদিকে গত শনিবার দার্জিলিংয়ের সিংমারিতে সহিংসতায় জনমুক্তি মোর্চার তিনজন সমর্থকের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ মোর্চাপ্রধান বিমল গুরুং, স্ত্রী আশা গুরুংসহ কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছে গতকাল।
জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং বলেছেন, এটা ষড়যন্ত্রমূলক মামলা।আন্দোলন শুরু করা দল জনমুক্তি মোর্চা বিভিন্ন আবাসিক বিদ্যালয়ে অধ্যয়নরত দেশি ও বিদেশি শিক্ষার্থীদের আজ শুক্রবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দার্জিলিং ছাড়ার নির্দেশ দিয়েছে। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। দার্জিলিংয়ে পড়াশোনা করে প্রচুর বাংলাদেশি ছাত্রছাত্রীও। মোর্চার ঘোষণায় বলা হয়েছে, শিক্ষার্থীদের দার্জিলিং ছাড়ার জন্য বন্ধ্ শিথিল থাকবে।এদিকে দার্জিলিংয়ের পাশের রাজ্য সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং বলেছেন, পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গঠিত হলেই দার্জিলিংয়ে শান্তি ফিরবে। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়ে এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি।