
আন্তর্জাতিক ডেস্কঃ উড়োজাহাজের ফ্লাইট অ্যাটেনডেন্টকে জুতা দিয়ে মারধর করা ভারতের সেই এমপিকে নিষিদ্ধ করেছে দেশটির অন্যতম ৫ টি বিমান সংস্থা। সুত্রের খবরে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই ঘটনার পর এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এমপির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়। এরপরই রবীন্দ্র গায়কোয়াড় নামের ওই এমপিকে ইন্ডিয়ান এয়ারলাইনস ফেডারেশন (এফআইএ) পরিচালিত সব ফ্লাইটে নিষিদ্ধ করা হয়। এই ফেডারেশনভুক্ত বিমানসংস্থাগুলো হলো এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, গো এয়ার, স্পাইস জেট ও জেট এয়ারওয়েজ। এই সংস্থাগুলো ভারতের অভ্যন্তরীণ বিমান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এক বিবৃতিতে এফআইএ বলছে, এসব বিমান সংস্থায় নিষিদ্ধ করার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, আমাদের কোনো কর্মীর ওপর হামলা মানে আমাদের সবার অপমান। আমাদের দেশের সাধারণ মানুষ, যারা জীবিকা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে, এটি তাদের জন্য লাঞ্ছনা।
ভারতীয় বাণিজ্যিক পাইলটস অ্যাসোসিয়েশনও এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সদস্য পাইলটদের বলা হয়েছে, কোনো ফ্লাইটে গায়কোয়াড় যাত্রী হিসেবে উঠলে সেই ফ্লাইট না চালাতে। এদিকে ওই এমপি গণমাধ্যমকে বলেন, আমি কোনো বিজেপি এমপি নই, আমি শিবসেনার এমপি। কোনো ধরনের অপমান সহ্য করব না। আমি স্পিকার এবং অন্যান্য কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অভিযোগ করব। আজ শুক্রবারও তিনি জানান, এ বিষয়ে তিনি অনুতপ্ত নন এবং ক্ষমাও চাইবেন না।
গতকাল বৃহস্পতিবার সকালে পুনে থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে যাচ্ছিলেন রবীন্দ্র গায়কোয়াড়। উড়োজাহাজে এমপির আসন ছিল বিজনেস ক্লাসে। কিন্তু ভুল করে তাঁকে আসন দেওয়া হয় ইকোনমি ক্লাসে। এ ঘটনায় তিনি রেগে গিয়ে ফ্লাইট অ্যাটেনডেন্টকে জুতা দিয়ে টানা ২৫ বার বাড়ি দেন। কেবল এই অসৌজন্য আচরণ করেই ক্ষান্ত হননি; এ নিয়ে বীরদর্পে বলে বেড়াচ্ছেন, যা করেছেন ঠিকই করেছেন। কট্টর হিন্দুত্ববাদী সংগঠন শিব সেনার এই সদস্য মহারাষ্ট্র থেকে নির্বাচিত লোকসভার সদস্য।