
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন মনোহর পারিক্কর। ইতোমধ্যেই গোয়ার রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেছেন পারিক্কর। তিনিই গোয়া রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন বলে অনুমান করা হচ্ছে। গোয়ার নির্বাচিত বিজেপি বিধায়করাই তাকে মুখ্যমন্ত্রী করার দাবি তুলেছিলেন।
৪০ আসনের গোয়াতে এবার অনেকটাই পিছিয়ে বিজেপি। একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে কংগ্রেস। তাদের সংগ্রহে ১৮ আসন। বিজেপি পেয়েছে ১৪ আসন। সরকার গড়ার ম্যাজিক ফিগার ২১। কংগ্রেসের পক্ষে ৩ জনের সমর্থন দরকার। সেখানে বিজেপি–র কাজটা কঠিন। তাদের জোগাড় করতে হবে আরো ৭ জনের সমর্থন। বিজেপি বিধায়করা আশাবাদী, পারিক্করকে সামনে রাখলে বাকি সাতজনের সমর্থন জোগাড় হয়ে যেতেও পারে।
৫ বছর আগে পার্রিকরের নেতৃত্বেই সরকার গঠন করেছিল বিজেপি। কিন্তু পরে তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনা হয়। এবার ভোটের আগে কোনো কোনো মহল থেকে বলা হয়, আবার স্বচ্ছ ভাবমূর্তির পারিক্করকেই সামনে রাখা হোক। যদিও সরকারিভাবে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়নি। তবু আবার তাকে সামনে আনা হতে পারে, এমন ইঙ্গিত দেয়া হয়েছিল। কংগ্রেস, বিজেপি ছাড়া বাকিরা পেয়েছেন আটটি আসন। তার মধ্যে এমজিপি আগে বিজেপি–রই শরিক ছিল। ছোট দলগুলিকে বুঝিয়ে তাদের অনুকূলে আনা যাবে, এ ব্যাপারে অনেকেই আশাবাদী।