
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের অভিশংসনের ঘটনায় চলা বিক্ষোভে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩ জন। প্রেসিডেন্ট পদ থেকে পার্ক জিউনের অভিশংসনের সিদ্ধান্ত বলবৎ রেখে আদালত রায় দিলে সিউলে বিক্ষোভ শুরু করে তার সমর্থকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে গতকাল শুক্রবার আহত ১ জন চিকিৎসারত অবস্থায় মারা যান। পরবর্তীতে আরো ২ জন চিকিৎসা সেবা নেয়ার আগেই মারা যান বলে জানিয়েছেন দেশটির ফায়ার ফাইটাররা। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকশ মানুষ।
দক্ষিণ কোরিয়ার প্রথম গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রেসিডেন্ট যাকে মেয়াদ শেষ হওয়ার আগে দায়িত্ব ছাড়তে বাধ্য করা হল। পার্কের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ, তিনি তার বন্ধুকে অবৈধভাবে ক্ষমতার নেপথ্যে থেকে দুর্নীতি করার সুযোগ করে দেন।
চোই সুন সিল নামে ১ বন্ধুর সঙ্গে দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে গত ডিসেম্বরে সংসদের নেয়া এই সিদ্ধান্ত বহাল রাখেন বিচারকরা। কোর্টের এই আদেশের ফলে পার্ক জিউন হাই রাষ্ট্রপতির ক্ষমতা হারালেন। এছাড়া তাকে বিচারের মুখোমুখিও করা হতে পারে।
সূত্রে জানা যায়, পার্ক জিউন হাই এর ক্ষমতা হারানো মানে আগামী মে মাসের মধ্যে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে। ডিসেম্বর থেকেই তাকে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। তখন থেকে দেশটির প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন।