
আন্তর্জাতিক ডেস্কঃ পৃথিবী থেকে ৩৪০ আলোকবর্ষ দূরে এক আশ্চর্য গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। যেখানে একই আকাশে ৩ টি সূর্য। একটি ডুবলেই আর একটির উদয় হয়। নতুন এই গ্রহটির নাম এইচডি ১৩১৩৯৯এবি।
নতুন আবিষ্কৃত এই গ্রহটি বৃহস্পতির তুলনায় প্রায় ৪ গুণ বড়। ওজনেও বৃহস্পতির ৪ গুণ বেশি। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের যে গবেষক-দলটি এই গ্রহ আবিষ্কার করেছে, তাদের দাবি অনুযায়ী, এই গ্রহটির আকাশে ৩ টি সূর্য রয়েছে। ৩ টি সূর্য বা উজ্জ্বল তারার মধ্যে একটির আকার তুলনামূলকভাবে বড়।
আর তার পিছনে গায়ে গায়ে আরও ২ টি উজ্জ্বল তারা রয়েছে। এদের মধ্যে বড় তারাটিকেই গ্রহটি প্রদক্ষিণ করে। গ্রহটির কক্ষপথও অনেক দীর্ঘ এবং প্রশস্ত। সবচেয়ে বড় তারাটিকে অর্ধেক প্রদক্ষিণ করতেই গ্রহটির প্রায় সাড়ে ৫০০ বছর সময় লাগে। এই সময়েই এই গ্রহের আকাশে একসঙ্গে ৩ টি সূর্য দেখা যায়।
অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে,এই গ্রহতে একটি ঋতু ১০০ বছরের বেশি সময় ধরে স্থায়ী হয়। আবার গ্রহটি নিজের কক্ষপথে প্রদক্ষিণ করার সময়ে বড় তারাটির থেকে ছোট তারা ২ টি ক্রমাগত দূরে সরতে থাকে।