
আন্তর্জাতিক ডেস্কঃ ভূমধ্যসাগরের মিশর উপকূলে ৬ শতাধিক শরণার্থী নিয়ে নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ১৭৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) আরও ৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া মিশরের ভূমধ্যসাগর থেকে শতাধিক শরণার্থীকে জীবিত উদ্ধার করা হয়।
২১শে সেপ্টেম্বর (বুধবার) দেশটির নাইল ডেল্টা বন্দর থেকে ১২ কিলোমিটার দূরে শরণার্থীবাহী নৌকা ডুবির ঘটনাটি ঘটে। এরআগে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত ১১৫ জনের মরদেহ উদ্ধারের খবর জানায় আন্তর্জাতিক মাধ্যমগুলো। স্থানীয় উদ্ধারকর্মী ও মৎসজীবীরা জানায়, এ পর্যন্ত ১৬৯ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো কতজন উদ্ধারের বাকী তা কেউ সঠিক করে বলতে পারেননি।
আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) জানিয়েছে, এ ঘটনা আমরা তদারকিতে রেখেছি এবং ধারণা করছি ৩০০ শরণার্থীর সবাই বিভিন্ন স্থান থেকে এসেছেন। দেশটির সরকারি এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নৌকাডুবির ঘটনার কয়েকদিনে শতাধিক শরণার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতদের মধ্যে কয়েক ডজন মানুষ ভয়েই প্রাণ হারিয়েছেন। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ওই শরণার্থীরা ‘অবৈধভাবে’ অনুপ্রবেশের চেষ্টা করেন বলে উল্লেখ করেছে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়।