News71.com
 International
 14 Aug 16, 12:16 PM
 426           
 0
 14 Aug 16, 12:16 PM

নিউইয়র্কে বন্দুকধারির গুলিতে বাংলাদেশি ইমাম সহ নিহত ২।। 

নিউইয়র্কে বন্দুকধারির গুলিতে বাংলাদেশি ইমাম সহ নিহত ২।। 

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি মসজিদের ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। নামায শেষে হেঁটে এ সময় তারা বাড়িতে ফিরছিলেন। পরে এ ঘটনায় বিক্ষোভ করেছে নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশিরা। নিউইয়র্কের কুইন্স এলাকায় দুর্বৃত্তের গুলিতে যে দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন, তাদের একজন স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন, অপরজন তারই সহকারী ছিলেন বলে জানা গেছে।

নিহত ইমাম, ৫৫ বছর বয়সী মাওলানা আলাউদ্দিন আকঞ্জি দুই বছর আগে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। স্থানীয় একটি মসজিদের ইমামতি করতেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, তারামিয়া নামের ৬৪ বছর বয়সী নিহত অপর বাংলাদেশিও ওই মসজিদে তার সহকারি ছিলেন। পুলিশ জানিয়েছে, কুইন্সের আল ফুরকান জামে মসজিদ থেকে যোহরের নামায শেষে ফিরছিলেন তারা।

গত শনিবার স্থানীয় সময় দুপুর একটা ৫০ মিনিটে অজ্ঞাত এক সন্ত্রাসী পেছন থেকে তাদের মাথায় গুলি করে। প্রত্যক্ষদর্শীরা এক ব্যক্তিকে বন্দুক হাতে সেই স্থান থেকে পালিয়ে যেতে দেখেছে বলেও জানা গেছে। ইমাম আকঞ্জি ঘটনাস্থলে নিহত হন, অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

পুলিশ এই হত্যাকাণ্ডের কোন কারণ জানতে পারেনি। যদিও স্থানীয় মুসলিমরা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন এবং ধর্মীয় ঘৃণা থেকেই এই হত্যাকাণ্ড বলে তারা দাবি করেছেন। মিল্লাত উদ্দিন নামের একজন বলছেন, এ ঘটনার পর নিজেকে তার অনিরাপদ বলে মনে হচ্ছে। এটি তাদের চলাচলের জন্য হুমকি তৈরি করছে বলেও তিনি মনে করেন।

তবে পুলিশ বলছে, ধর্মবিশ্বাসের কারণে এই হামলা হয়েছে, এমন কোন তথ্য তাদের কাছে নেই। পুলিশ এ জন্য এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন