
আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে একটি সমন্বিত সামরিক অভিযানের পরিকল্পনা করছে সৌদি আরব। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে উপকূলবর্তী এলাকা মুক্ত করা অথবা একাধিক ফ্রন্টে একযোগে আক্রমণ চালানো—এমন দুটি কৌশলগত বিকল্প বিবেচনা করছে রিয়াদ।আঞ্চলিক কর্মকর্তা ও পশ্চিমা কূটনীতিকদের বরাতে এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সংশ্লিষ্ট সামরিক প্রস্তুতির বিষয়ে অবগত ছয়জন কর্মকর্তা জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্ভাব্য এই অভিযান শুরু হতে পারে। সৌদি আরবের তত্ত্বাবধানে ইয়েমেনি সরকারি বাহিনী পদাতিক যুদ্ধের নেতৃত্ব দেবে এবং সৌদি বিমানবাহিনী তাদের সরাসরি বিমান হামলা চালিয়ে সহায়তা করবে। নিরাপত্তা ইস্যু সংবেদনশীল হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানান, ওয়াশিংটন রিয়াদকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ প্রধানত প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দিলেও সৌদির কোনো মিত্র রাষ্ট্রই সরাসরি যুদ্ধাভিযানে অংশ নেবে না।
২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে হুথিদের হাত থেকে রক্ষা করতে আরব জোটের প্রধান হিসেবে ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িয়েছিল সৌদি আরব। ২০২২ সালে হওয়া অস্ত্রবিরতি মূলত চলতি বছর পর্যন্ত কার্যকর ছিল। তবে ইরান যুদ্ধের জের ধরে হুথিরা সৌদি আরবের পণ্যবাহী জাহাজ ও তেল অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করলে পরিস্থিতি আবার সংঘাতের দিকে মোড় নেয়।