
আন্তর্জাতিক ডেস্কঃ মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনার পর ইসরায়েলের সঙ্গে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করেছে দুবাইভিত্তিক বিমান পরিবহন সংস্থা ফ্লাইদুবাই। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে তেল আবিবগামী ‘এফজেড১০৭৩’ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ককপিটে সংঘর্ষের জেরে ১৭৪ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র জানান, বুধবারের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং তদন্ত চলাকালে ইসরায়েলগামী ও ইসরায়েল থেকে পরিচালিত সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার পেছনের মূল কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। যাত্রী, ক্রু ও উড়োজাহাজের সুরক্ষাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।