
আন্তর্জাতিক ডেস্কঃ গাজা ভূখণ্ডে হামাসসহ সব সশস্ত্র গোষ্ঠীর ‘সম্পূর্ণ নিরস্ত্রিকরণ’ এবং ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি জানান যে এই প্রক্রিয়ার মাধ্যমে নতুন ফিলিস্তিনি প্রশাসনের পথ সুগম হবে। ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া বার্তা এবং এএফপিকে দেওয়া হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এই সমঝোতা অর্জিত হয়েছে। চুক্তির আওতায় ধাপে ধাপে সমরাস্ত্র নিষ্ক্রিয় করা হবে এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনী (আইএসএফ) ও নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী গাজার অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব নেবে।
প্রস্তাবিত এই শান্ত পরিকল্পনার আওতায় ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি) নামের একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি অন্তর্বর্তীকালীন শাসনকাজ পরিচালনা করবে। সকল প্রকার সুড়ঙ্গ, অস্ত্রের ডিপো এবং কারখানা ধ্বংসের পাশাপাশি ভারী ও হালকা সব ধরনের অস্ত্র এই কমিটির পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। কায়রোতে শীঘ্রই মধ্যস্থতাকারীদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলোচনা হবে।