
আন্তর্জাতিক ডেস্কঃ স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনায় থাকা বেলুচিস্তানে পাক বাহিনীর একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মাসতুং এলাকার কাছে এই হামলা হয়। বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। গত দুই সপ্তাহের কম সময়ের মধ্যে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর এটি তৃতীয় বড় ধরনের হামলার ঘটনা। পাকিস্তান সেনাবাহিনী হামলার খবর নিশ্চিত করলেও সরকারিভাবে এখনো নিহতের সংখ্যা প্রকাশ করেনি।
বিএলএ মুখপাত্র জিয়ান্দ বালুচ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দাবি করেছেন, তাদের যোদ্ধারা নিরাপত্তা বাহিনীর ওই বহর, বহরের পাহারাদার দল এবং হামলার পর ঘটনাস্থলে আসা অতিরিক্ত সেনা দলকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। বিবৃতিটি দেওয়ার সময়ও বিএলএ যোদ্ধা ও পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর মধ্যে লড়াই চলছিল এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দাবি করেন তিনি।