
আন্তর্জাতিক ডেস্কঃ লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনব্যাপী একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তিনি জানান, আজ ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম বিকেল ৫টা (বাংলাদেশ সময় রাত ৩ টা) থেকে এই যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, এই চুক্তিটি নিশ্চিত করার আগে তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ‘চমৎকার’ আলোচনা করেছেন। তিনি আরও জানান, দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন দুই নেতা। উল্লেখ্য, গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ট্রাম্প তাঁর বিবৃতিতে জানান, তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান রেইজিন কেইনকে লেবানন ও ইসরায়েলের সঙ্গে মিলে একটি স্থায়ী শান্তি অর্জনের লক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন।