
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তেহরানের বিভিন্ন এলাকায় গতকাল ভোর থেকে চালানো এসব হামলায় লক্ষ্যবস্তুর মধ্যে তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পেট্রোকেমিক্যাল রাসায়নিক কারখানা এবং একটি গ্যাস স্টেশনও ছিল। হামলায় নিহত হয়েছেন ইরানি বিপ্লবী গার্ড আইআরজিসির গোয়েন্দা প্রধান। বাংলাদেশ সময় কাল বুধবার সকালের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ভয়াবহ হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে বন্ধু দেশের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।
গতকাল সকালে শিরাজ শহরে শক্তিশালী বিস্ফোরণের খবর এবং যুদ্ধবিমানের শব্দ শোনার বিষয়েও খবর পাওয়া যায়। কওম শহরের কয়েক জন বাসিন্দাও জানিয়েছেন, সোমবার (গতকাল) রাত ১টার দিকে শহরের কিছু এলাকাকে হামলার লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। কওম প্রদেশের উপরাজনৈতিক ও নিরাপত্তা পরিচালকও জানিয়েছেন যে, শহরের একটি আবাসিক এলাকা হামলার শিকার হয়েছে।