News71.com
 Bangladesh
 22 Apr 20, 10:31 PM
 983           
 0
 22 Apr 20, 10:31 PM

নরসিংদীতে স্বাস্থ্য বিভাগের পর্যাপ্ত সহযোগীতা পাচ্ছে না ভূক্তভোগী করোনা উপসর্গের রোগীরা॥

নরসিংদীতে স্বাস্থ্য বিভাগের পর্যাপ্ত সহযোগীতা পাচ্ছে না ভূক্তভোগী করোনা উপসর্গের রোগীরা॥

তন্ময় ভক্তঃ নরসিংদীতে করোনার উপসর্গ দেখা দিলেও নমুনা পরীক্ষার সুযোগ মিলছে না বলে দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগীর স্বজনরা । রোগী ও তাদের পরিবারের লোকজন জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগে বারবার যোগাযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন। এ পর্যন্ত জেলার মোট ৪৯৪ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পরীক্ষা শেষে ১৩৪ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। আশঙ্কাজনক হারে করোনা আক্রান্তদের সংখ্যা বেড়ে চলা নরসিংদী জেলায় করোনা পরীক্ষার এই দুর্দশায় আতংক বেড়ে চলেছে জনমনে। তবে স্বাস্থ্যবিভাগ বলছে নমুনা সংগ্রহে নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত হয়ে পড়ায় সাময়িকভাবে কোথাও কোথাও একটু সমস্যা হচ্ছে।একাধিক করোনা উপসর্গ বা লক্ষণ দেখা দেয়া লোকজনের পরিবারের সদস্যরা জানান, পরিবারের সদস্য’র মধ্যে কয়েকদিন টানা করোনাভাইরাস এর মতো উপসর্গ বা লক্ষণ দেখা দেওয়ার পর নমুনা পরীক্ষার জন্য নরসিংদী জেলা হাসপাতাল, সদর হাসপাতাল, সংশ্লিষ্ট উপজেলা হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগ করলে তারা জানান সংশ্লিষ্ট এসব স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা করোনার নমুনা সংগ্রহের লোক নেই বলে করোনার নমুনা সংগ্রহ সাময়িক বন্ধ।

যেখানে উপসর্গ দেখা দেয়া ছাড়াই ব্যাপক হারে করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হচ্ছে সেখানে উপসর্গ দেখা দেয়া লোকজনের পরিবারের সদস্যদের মধ্যে আতংক বিরাজ করছে। একদিকে সাধারণ চিকিৎসা সেবা ভেঙ্গে পড়ার উপক্রম অন্যদিকে করোনা পরীক্ষার সুযোগ না পেয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা। এ ব্যাপারে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, উপজেলা হাসপাতালে নমুনা সংগ্রহে নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত হওয়ায় লোকবল কমে গেছে। সেক্ষেত্রে বিকল্প নতুন লোক নেয়া হচ্ছে এবং মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।এছাড়া করোনা নমুনা সংগ্রহের জন্য স্থানীয়ভাবে প্রাইভেট ক্লিনিক বা হাসপাতাল থেকে লোকবল নেয়া হচ্ছে এ সমস্যা থাকবে না।


এদিকে, জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) ইমরুল কায়েস জানান, এ পর্যন্ত জেলার মোট ৪৯৪ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পরীক্ষা শেষে ১৩৪ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে সদরে ৭০ জন, রায়পুরায় ২৬ জন, শিবপুরে ১৭ জন, বেলাবতে ১১ জন, পলাশে ৫ জন ও মনোহরদীতে ৫ জন রয়েছেন। তবে এরই মধ্যে নরসিংদী সদর ও পলাশের দুই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বর্তমানে সুস্থ আছেন। জেলায় প্রায় ৮ শতাধিক ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে থাকলেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে কেউ নেই। বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে আছেন প্রায় ৫০ জন। করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের সংস্পর্শে আসা প্রায় তিন শতাধিক ব্যক্তি বা স্বজনদের নমুনা পরীক্ষা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন