
নিউজ ডেস্ক: পাবনার বেড়া উপজেলায় আমিনপুর কৃষি ব্যাংকের ম্যানেজারসহ ২ জন কর্মকর্তার কাছ থেকে অস্ত্রের দেখিয়ে ৯ লক্ষ ২০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা
জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নান্দিয়ারা নামক স্থানে এই ঘটনা ঘটে। এই ব্যাংক কর্মকর্তারা ব্যাংক থেকে টাকা তুলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি দিতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
কৃষি ব্যাংক কর্মকর্তা কেএম শহিদুল ইসলাম বলেন, ‘উপজেলার দীঘলকান্দি, চরকান্দি ও সিংহাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দেয়ার জন্য কাশীনাথপুর অগ্রণী ব্যাংক থেকে টাকা তুলে আমরা অটোরিকশায় যাচ্ছিলাম। এই সময় পথে নান্দিয়ারা নামক স্থানে ২টি মোটরসাইকেলে ৬ জন অস্ত্রধারী গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে ৯ লক্ষ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
এই বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম তাজুল হুদা বলেন, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে শুনেছি। কিন্তু এই ব্যাপারে আমরা কোন লিখিত অভিযোগ পাইনি।