News71.com
 Bangladesh
 03 Feb 24, 11:10 PM
 131           
 0
 03 Feb 24, 11:10 PM

দিল্লি না বেইজিং, টানা চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে প্রথম সফর কোথায়॥

দিল্লি না বেইজিং, টানা চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে প্রথম সফর কোথায়॥


নিউজ ডেস্কঃ টানা চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনার প্রথম বিদেশ সফর নানা কারণেই তাৎপর্যপূর্ণ। তিনি প্রথমে ভারত নাকি চীনে যাবেন, তা নিয়ে জোর আলোচনা চলছে কূটনৈতিক মহলে। চীন এরইমধ্যে আমন্ত্রণ জানালেও সরকারে শীর্ষ পর্যায়ে এ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। যদি প্রথম সফর চীনে হয় তাহলে দেশটির কাছ থেকে বড় আর্থিক সহায়তার পাশাপাশি অন্যান্য সমর্থন পাওয়া যেতে পারে, তবে এতে করে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি অস্বস্তিকর পরিস্থিতিও তৈরি হতে পারে বলে মনে করছেন সাবেক একাধিক কূটনীতিক।

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে জটিল সমীকরণ এবং ভারত ও চীনের মধ্যে অস্বস্তিকর সম্পর্ক কোনও গোপন বিষয় নয়। এ পরিস্থিতিতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে ওই শক্তিগুলোর মধ্যে সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখেই জাতীয় স্বার্থ বাস্তবায়ন করতে হয়। এজন্য বৃহৎ ও আঞ্চলিক শক্তিশালী দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক দৃঢ় করা প্রয়োজন হয়ে পড়ে।

নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দেশের অবস্থান পর্যালোচনা করলে দেখা যাবে- ভারত, চীনসহ দক্ষিণের দেশগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যবস্থার প্রতি আস্থা রেখেছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ হাতে গোনা কয়েকটি পশ্চিমা দেশ নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হয়নি বলে জানিয়েছে। অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়ন নিরপেক্ষ একটি অবস্থান বজায় রেখেছে।

কূটনৈতিক একটি সূত্র জানায়, শীর্ষ পর্যায়ের সফরের মাধ্যমে সম্পর্ক মজবুত করা হয় এবং সফরে নেওয়া সিদ্ধান্তগুলো নির্দেশমূলক নীতি (গাইডিং প্রিন্সিপ্যাল) হিসেবে কাজ করে। এরকম সফরের আগে অনেক বিষয় বিবেচনা করা হয়। কারণ, বড় ধরনের কিছু অর্জন না হলে এ ধরনের সফর হয় না। বড় অর্জন তখনই আসে যখন দুই দেশের নীতি ও আগ্রহের মিল থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন