
নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শিগগিরই মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করে সবাইকে চূড়ান্ত সনদ ও পরিচয়পত্র দেওয়া হবে। আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন। জঙ্গিবাদ, সন্ত্রাস, গুপ্তহত্যা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টার প্রতিবাদে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় মন্ত্রী আরও বলেন, এই বছর থেকেই মুক্তিযোদ্ধাদের ভাতা ১০ হাজার টাকা করা হয়েছে। এই বছর থেকেই মুক্তিযোদ্ধারা দুটি উৎসব বোনাস পাবেন, যার পরিমাণ ২০ হাজার টাকা থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবারই এই বিষয়ে অনুমোদ দিয়েছেন বলে মন্ত্রী বলেন। পাশাপাশি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের তালিকাও যাচাই-বাছাই করার কথা তুলে ধরেন তিনি।