
নিউজ ডেস্ক: স্বাস্হ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবারকল্যাণ পরিদর্শিকা নিয়োগ প্রক্রিয়া বাতিল-সংক্রান্ত বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) মনোনয়ন প্রক্রিয়া বাতিল-সংক্রান্ত বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। বিভিন্ন জেলার ২৫ জন নিয়োগপ্রার্থীর দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন। এ ছাড়া আবেদনকারীসহ যাঁরা যথাযথভাবে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের নিয়োগ প্রক্রিয়া কেন সম্পন্ন করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে। সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।