
নিউজ ডেস্ক: ছবি মাতৃগর্ভে থাকা শিশুর লিঙ্গ প্রকাশ করা যাবে না, এ নীতিমালা তৈরি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নীতিমালা হাইকোর্টে এসেছে বলে আজ সোমবার জানিয়েছেন রিটকারী আইনজীবী ইশরাত হাসান। তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত বলেন, আমার হাতে এখনো এ রকম কোনো প্রতিবেদন আসেনি। তাই না দেখে বলতে পারব না। এর আগে মাতৃগর্ভে থাকা শিশু ছেলে না মেয়ে, তা শনাক্তকরণ পরীক্ষার মাধ্যমে জানা এবং প্রকাশ বন্ধে কেন নীতিমালা তৈরি করতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। আইনজীবী ইশরাত হাসানের করা রিটের পরিপ্রেক্ষিতে ২০২০ সালে ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই রুল জারি করেন। ওই রুলের পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্য অধিদপ্তর নীতিমালা তৈরি করেছে বলে জানান ইশরাত হাসান।