
নিউজ ডেস্কঃ ‘এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার ভারত, চীন, রাশিয়ার সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘এ কারণে আমরা এই সরকারকে মানতে বাধ্য নই।’ আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল, গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তিসহ এক দফা দাবিতে দেশব্যাপী পালিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে এই মিছিল ও সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশ আমাদের, এই দেশের সমস্যা আমাদের আর তার সমাধান আমরাই করব। হাসিনার সরকার ভারত, রাশিয়া, চীনের সরকার, বাংলাদেশের মানুষের সরকার না। এই সরকার আমরা মানতে বাধ্য নই।’ ৭ জানুয়ারি নির্বাচনের পর এটাই বিএনপির বড় জমায়েত। এ সময় নবগঠিত দ্বাদশ সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন গয়েশ্বর। ঘোষণা অনুযায়ী ৩০ জানুয়ারি সংসদ অধিবেশনের প্রথম দিনে দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানা, পৌরসভাসহ সব ইউনিটে কালো পতাকা মিছিল করবে বিএনপি। গয়েশ্বর রায় বলেন, ‘আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে চাই।’