
নিউজ ডেস্কঃ নতুন কালুরঘাট সেতু নির্মাণে ৪ থেকে ৫ বছর সময় লাগবে। বিদ্যমান কালুরঘাট সেতুর সংস্কার চলছে। আশা করি, আগামী মার্চ মাসের মধ্যভাগে সংস্কার কাজ শেষে এ সেতুপথে যানবাহন চলাচল শুরু হবে। রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম আজ বিকেলে নগরীর সিআরবিস্থ অফিসার্স গেস্ট হাউসে রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। কালুরঘাট সেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, কালুরঘাটে নতুন সেতু নির্মাণ নিয়ে আমাদের সমীক্ষা শেষ। কোরিয়ান অর্থায়নে এ সেতু নির্মাণ করা হবে। চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল শুরু প্রসঙ্গে তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হবে। আমরা প্রাথমিকভাবে কমিউনিটার ট্রেন দিয়েই এ রুট সচল করবো।
তিনি আরও বলেন, আমি নতুন হলেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। রেল নিয়ে প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা সেটি আমি বাস্তবায়ন করবো। রেলকে পঙ্গু অবস্থা থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত নিয়ে এসেছেন। সকলের সহযোগিতায় রেল ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। এ লক্ষ্যে ইতোমধ্যে পাঁচ হাজারের বেশি লোকবল নিয়োগ দেয়া হয়েছে। তাদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ দেয়া হচ্ছে। অনেকগুলো ইঞ্জিন ও কোচ আমদানি করা হচ্ছে। ইতিমধ্যে কিছু চলে এসেছে। এসব ইঞ্জিন রেল বহরে যুক্ত হলে রেলে ইঞ্জিন সংকট দূর হবে।