
নিউজ ডেস্ক: চলমান উন্নয়ন প্রকল্পগুলো যত দ্রুত সম্ভব শেষ করতে এবং যথাযথ যাচাই-বাছাই করে নতুন পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের সেই চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করতে হবে, যেগুলোর জন্য খরচ কম হবে। কারণ, আমি মনে করি যত তাড়াতাড়ি আমরা সেগুলো শেষ করতে পারব, তত বেশি সুবিধা পাব।’ তিনি আজ বুধবার সকালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে পরিকল্পনা কমিশনের সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন ।
সরকারপ্রধান বলেন, ‘আপনাদের অনুরোধ করব, এখন সব থেকে বেশি যেটা দরকার অগ্রাধিকার ভিত্তিতে সেটা আমাদের বেছে নিতে হবে। এগুলো চিহ্নিত করতে হবে, কোন প্রকল্পগুলো সামান্য কিছু টাকা দিলেই আমরা শেষ করে ফেলতে পারব। প্রকল্পগুলো যত দ্রুত শেষ করে ফেলা যায়, ততই ভালো। কারণ, একটি প্রকল্প শেষ হলে তার ফলাফল আসে। আমরা লাভবান হই এবং নতুন প্রকল্প নিতে পারি।’ তিনি বলেন, ‘কাজেই এখানে দীর্ঘসূত্রতা যেন না হয়, বারবার যেন প্রকল্প সম্পন্ন দেরি না হয়—সে দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লক্ষ্য রাখতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘আমাদের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা আসবে ২০২৬ সালে, আমাদের গ্র্যাজুয়েশন কার্যকর শুরু হবে। সেখানে আমরা কী কী সুবিধা পাব, আর কোনটা আমাদের জন্য সব থেকে বেশি কার্যকর—সেটা আমাদের বাছাই করতে হবে। আমরা সেভাবে কাজ শুরু করব। এর সাথে এলডিসি হিসেবে যে সুবিধাগুলো আমরা পেতাম, সেগুলো অনেকগুলো কিন্তু আমরা পাব না, যদিও এগুলো প্রস্তাব করেছি ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি করতে। এ বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। সে ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জগুলো আসবে, সেগুলো আমরা কীভাবে মোকাবিলা করব।’