
নিউজ ডেস্কঃ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করার জন্য শ্রীলঙ্কার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার এফবিসিসিআইয়ের গুলশান কার্যালয়ে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল ওয়েরাক্কোডির সঙ্গে এক বৈঠকে এফবিসিসিআই সভাপতি এ আহ্বান জানান।এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে সরকার। এসব অর্থনৈতিক অঞ্চলে তেল, গ্যাস, বিদ্যুৎ সহ সব ধরনের সুবিধা প্রদান করা হচ্ছে। এছাড়া বাংলাদেশে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সহজ করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস, ই-প্ল্যাটফর্মসহ আকর্ষণীয় প্রণোদনা চলমান রয়েছে। শ্রীলংকার ব্যবসায়ীরা তাদের নিজস্ব বা যৌথ উদ্যোগে এখানে শিল্প কারখানা প্রতিষ্ঠা করে লাভবান হতে পারে।