News71.com
 Bangladesh
 20 Jan 24, 12:50 PM
 191           
 0
 20 Jan 24, 12:50 PM

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি নিয়ে উদ্বেগ বাড়ছে॥

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি নিয়ে উদ্বেগ বাড়ছে॥


নিউজ ডেস্কঃ তৈরি পোশাক দেশের প্রধান রপ্তানি পণ্য। মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশই আসে এ পণ্যটি থেকে। আবার একক রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র পোশাকের প্রধান রপ্তানি বাজার। মোট রপ্তানি আয়ের ২০ থেকে ২২ শতাংশ আসে দেশটি থেকে। তবে প্রধান পণ্যের প্রধান বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। কারণ, ২০২৩ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে দেশটিতে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে ২৫ শতাংশ কমে গেছে।

যুক্তরাষ্ট্রের মতো প্রধান এবং নানা কারণে গুরুত্বপূর্ণ বাজারে রপ্তানি কমে আসার বিষয়টি ভাবিয়ে তুলেছে উদ্যোক্তাদের। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের রপ্তানি খাতের জন্য বিপদের কারণ হতে পারে বলে মনে করেন তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং শ্রম অধিকার রক্ষার ইস্যুতে নিষেধাজ্ঞার শঙ্কা আগামী দিনে রপ্তানিতে প্রভাব ফেলবে কিনা, তা নিয়ে রপ্তানিকারকদের উদ্বেগ রয়েছে। এ ছাড়া মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে নীতি সুদহার বাড়িয়ে আমদানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। তার প্রভাবও দীর্ঘদিন থেকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।


যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি নিয়ে শঙ্কা এবং অনিশ্চয়তার বিষয়গুলো উঠে আসছে গত বেশ কয়েক মাস ধরে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার কথা উল্লেখ করে গত বছরের মে মাসে নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। গত নভেম্বরের মাঝামাঝি বিশ্বজুড়ে শ্রম অধিকার রক্ষায় নতুন নীতি-কাঠামো ঘোষণা করে যুক্তরাষ্ট্র। দেশটিতে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে এটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন