
নিউজ ডেস্কঃ বিএনপি আসবে না ধরে নিয়ে উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সে ক্ষেত্রে সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও প্রার্থিতা উন্মুক্ত করে দিতে পারে দলটি। তবে বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে; সিদ্ধান্ত হবে দলের নীতিনির্ধারণী পর্যায়ের পরের বৈঠকে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের অনেকেই বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর দ্বন্দ্ব ব্যাপক আকার ধারণ করে। আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক দিলে এই দ্বন্দ্ব আরও ব্যাপক হতে পারে। আবার বিএনপির ভোটে আসার সম্ভাবনাও নেই। ফলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলের প্রতীক ছাড়াই ভোটে যাওয়ার সিদ্ধান্ত আসতে পারে। আওয়ামী লীগের অনেকেই আবার মনে করেন, উপজেলা নির্বাচন সংসদ নির্বাচনের ‘মডেলে’ হতে পারে। অর্থাৎ দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি দল অনুমোদিত স্বতন্ত্র প্রার্থী দেওয়া যেতে পারে।