
নিউজ ডেস্কঃ সারা দেশে নিবন্ধনহীন হাসপাতাল বন্ধের কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। সারা দেশের সব বিভাগীয় পরিচালক স্বাস্থ্য, সব জেলার সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের এ ধরনের নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, ‘আপনার নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তালিকা পাঠাতে অনুরোধ করা হলো।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানবলেন, ‘সারা দেশের অনিবন্ধিত হাসপাতালের তালিকা চেয়েছেন হাইকোর্ট। এ ছাড়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন অনিবন্ধিত হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার আলোকেই দেশের নিবন্ধনহীন হাসপাতাল বন্ধ করা হচ্ছে। এটা একটা রুটিন ওয়ার্ক। ঢাকায় এখনো এই কার্যক্রম শুরু হয়নি। রোববার থেকে পরিদর্শন শুরু হবে।’