
নিউজ ডেস্কঃ দেশে গত এক মাসের ব্যবধানে দৈনিক করোনা শনাক্তের হার ১ থেকে বেড়ে ৫ শতাংশ ছাড়িয়েছে। নতুন উপধরন জেএন.১ এই সংক্রমণ বাড়ার জন্য দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, করোনার ধরন অমিক্রনের নতুন এই উপধরন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সচেতনতার প্রয়োজন রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বিশ্বে বর্তমানে করোনা সংক্রমণের ক্ষেত্রে প্রায় অর্ধেকই ঘটছে নতুন এই উপধরনের মাধ্যমে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এটিকে কড়া নজরে রেখেছে এবং করোনার এই উপধরনকে ‘ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট’ বা ‘আগ্রহের বৈকল্পিক’ হিসেবে শ্রেণিভুক্ত করেছে। নতুন ধরন জেএন.১-এর লক্ষণ আগের ধরনগুলোর মতোই, যেমন—জ্বর, সর্দিকাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, স্বাদ বা গন্ধ হারানো, ক্লান্তি ইত্যাদি। এ ছাড়া গুরুতর লক্ষণগুলোর মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, বুক ব্যথা, ডায়ারিয়া ও বিভ্রান্তি বোধ করা।