
নিউজ ডেস্কঃ চালের দাম, গ্যাসের মিটার ভাড়া বৃদ্ধির মাধ্যমে সরকার জনগণের পকেট কাটার উৎসব নতুন করে শুরু করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিত্যপণ্যসহ দৈনন্দিন ব্যবহারযোগ্য দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। আজ শুক্রবার বিবৃতিতে নেতারা বলেন, নিজেদের আর্থিক সংকট মোকাবেলা এবং বিশ্ব ব্যাংক, আইএমএফর নির্দেশ মেনে চলতে নানা খাতে মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটার উৎসবের আয়োজন আবারও শুরু হয়েছে। চালের দাম বাড়িয়ে সাধারণ জনগণের পকেট কাটা চলছে।
বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ মানুষের আয় কমে গেলেও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষ অতিষ্ঠ।শ্রমিকদের বাঁচার মতো জাতীয় ন্যূনতম মজুরি ঘোষিত হয়নি। সব মানুষের মানসম্মত ৩৬৫ দিনের কাজের নিশ্চয়তা নেই। শিক্ষা-স্বাস্থ্য মানুষের নাগালের বাইরে। বছরের শুরুতে বাড়ি ভাড়া বৃদ্ধিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। এই অবস্থায় লুটপাট অব্যাহত রাখতে এবং বিশ্ব ব্যাংক আইএমএফ’র সিদ্ধান্ত মানতে মূল্যবৃদ্ধির উৎসব করা হচ্ছে ও হবে।এতে বলা হয়, মুক্তবাজারের নামে চলমান লুটপাটের অর্থনীতির ধারা এই অবস্থাকেই বহাল রাখছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া এই সরকার এই ধারাকেই অব্যাহত রেখে আবারো দেশকে লুটপাটের অবাধ ক্ষেত্র তৈরি করবে। এর বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে।