News71.com
 Bangladesh
 18 Jan 24, 07:46 PM
 147           
 0
 18 Jan 24, 07:46 PM

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট ফেব্রুয়ারিতে॥প্রস্তুতি নিচ্ছে ইসি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট ফেব্রুয়ারিতে॥প্রস্তুতি নিচ্ছে ইসি

নিউজ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনে জয়ী দল বা জোটগুলোর মধ্যে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত আসন আনুপাতিক হারে বণ্টন করা হয়।সাধারণভাবে প্রতি ৬টি আসনের বিপরীতে কোনো দল বা জোট একটি সংরক্ষিত আসন পেয়ে থাকে। সে হিসেবে আওয়ামী লীগ ২২৩টি আসনের বিপরীতে পাবে ৩৭টি সংরক্ষিত আসন। স্বতন্ত্র সংসদ সদস্য ৬২ জন। জোট করলে তারা পাবেন ১০টি আসন। জাতীয় পার্টি ১১টি আসনের বিপরীতে পাবে ২টি আসন। অন্য তিনটি দল জোট হলে একটি আসন পেতে পারে বলে সংসদ সচিবালয়ের আইন শাখা সূত্রে জানা গেছে। সংরক্ষিত আসনে আগামী ফেব্রুয়ারিতে ভোট করার লক্ষ্যে চলতি মাসের শেষ দিকে তফসিল ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন।

সংরক্ষিত মহিলা আসনের নির্দিষ্ট কোনো এলাকা নেই। আগে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই নির্বাচিত হতেন। ২০০৪ সালের সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সংসদে কোন দলের কতজন প্রতিনিধি রয়েছেন তার আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত করার বিধান অন্তর্ভুক্ত করা হয়। সেই হিসেবে একটি রাজনৈতিক দলের যদি ৬ জন এমপি থাকেন, তা হলে ওই দল থেকে একজন প্রার্থী সংরক্ষিত নারী আসনের এমপি হবেন। সংরক্ষিত মহিলা আসনের এমপি নির্বাচিত হন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে বিজয়ী এমপিদের ভোটের মাধ্যমে। এবারও তাদের ভোটেই সংরক্ষিত মহিলা আসনের এমপি নির্বাচিত হবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন