
নিউজ ডেস্ক: কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কানাডায় পালিয়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তা। তাদের কাছে বিমান বাংলাদেশের গুরুত্বপূর্ণ সফটওয়ার ও তথ্য রয়েছে বলে জানিয়েছেন বিমান কর্মকর্তারা। ওই দুই কর্মকর্তার মাধ্যমে তথ্য পাচারসহ বড় ধরনের ক্ষতিরও আশঙ্কা করেছেন তারা। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিমানের একাধিক কর্মকর্তা জানান, ‘পালিয়ে থাকা’ ওই দুইজন হলেন বিমানের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মো. আনোয়ার হোসেন ও বাণিজ্যিক তত্ত্বাবধায়ক সোহান আহমেদ। আনোয়ার হোসেন চাঁদপুরের নুনিয়া গ্রামের আবুল মান্নানের ছেলে। সোহান আহমেদ রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায় আনোয়ার হোসেনের ছেলে। এদের মধ্যে আনোয়ার হোসেন পালিয়ে কানাডায় গিয়েছেন। সোহান আহমেদ দেশের মধ্যেই পালিয়ে রয়েছেন।