
নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বাড়ার কথা বলতে গিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের অতিমারি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে জিনিসের দাম বেড়েছে। নতুন করে আবার হামলা (ফিলিস্তিনে ইসরাইলি হামলা) শুরু হয়েছে, যে কারণে হয়তো সামনে আরও দুর্দিন আসতে পারে। গতকাল গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের মাটি ঊর্বর। আমাদের মানুষ আছে। এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। পাশাপাশি হাঁস, মুরগি, গরু, ছাগল পালনসহ আমাদের খাদ্য আমাদের উৎপাদন করতে হবে। বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়েছে, বাংলাদেশেও জিনিসের দাম বেড়েছে। দেশের মানুষের খাবারের যাতে অভাব না হয়, সেই ব্যবস্থা আমাদের নিজেদের করতে হবে। তিনি বলেন, সকল ষড়যন্ত্র ভেদ করে আমাদের এগিয়ে যেতে হবে।
প্রধানমন্ত্রী বলেছেন, সবাই একসঙ্গে কাজ করার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্যমুক্ত এবং স্মার্ট সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলবো। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৭ই জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে। এ জয় গণতন্ত্রের, এ জয় বাংলাদেশের মানুষের। কাজেই দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। সুষ্ঠুভাবে দেশের জনগণ তাদের ভোট দিতে পেরেছে। শেখ হাসিনা বলেন, ’৭৫-এর পর নির্বাচনগুলোতে জনগণের ভোট ছিল না। মিলিটারি ডিকটেটর এসে ভোট নিয়ে ছিনিমিনি খেলেছে। কিন্তু আওয়ামী লীগ আসার পর থেকে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছে। সেই সঙ্গে মানুষের খাদ্যের নিরাপত্তা থেকে শুরু করে উন্নয়ন নিশ্চিত করেছে। সবার জীবন যেন অর্থবহ, উন্নত ও সমৃদ্ধশালী হয় তার কাজটা আমরা করেছি।