News71.com
 Bangladesh
 13 Jan 24, 07:50 PM
 142           
 0
 13 Jan 24, 07:50 PM

সমমনাদের সঙ্গে আলোচনা করে নতুন কর্মসূচি॥ রিজভী

সমমনাদের সঙ্গে আলোচনা করে নতুন কর্মসূচি॥ রিজভী

নিউজ ডেস্ক:  সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে ‘নতুন কর্মসূচি’ দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। নতুন কর্মসূচি বিষয়ে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘এখনো আমরা কর্মসূচির মধ্যেই আছি, আন্দোলনের মধ্যেই আছি। আমাদের সঙ্গের রাজনৈতিক দলগুলো আছে, তাদের সঙ্গে কথা বলার বিষয় আছে। সবার সঙ্গে কথা বলে কর্মসূচি ঠিক করে জানানো হবে।’

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে রিজভী বলেন, ‘আন্দোলনের পরিপূর্ণতা, স্রোত আমরা যত বইয়ে দেব, স্রোতের ধারা যত আসবে ততই আন্দোলন পরিপূর্ণ হবে এবং তারা (সরকার) পরাজিত হবে। যুদ্ধ একাত্তর সালে শুরু হবে এটা কি ৬২ সালে জানা গেছে, এটা কি ৬৯ সালে জানা গেছে, এটা কি ৭০ সালে জানা গেছে? জানা তো যায়নি। তাই কখন কোন পরিস্থিতি হবে সেটা বলা যায় না। শুধু একটাই বলা যায়, জনগণের আন্দোলন, সেই আন্দোলন যদি আদর্শের হয়, ন্যায়ের হয়, গণতন্ত্রের পক্ষের হয়, সেই আন্দোলন কখনো বৃথা যাবে না।’

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন