
নিউজ ডেস্কঃ জ্বালানিস্বল্পতাই সামনে বাংলাদেশের অর্থনীতির জন্য সবচেয়ে বড় ঝুঁকির কারণ হতে পারে। এ কারণে শিল্পোৎপাদন ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে চলমান উচ্চ মূল্যস্ফীতিও অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করছে। অর্থনীতিতে ঝুঁকির অন্যান্য ক্ষেত্র হচ্ছে প্রবৃদ্ধির গতি কমে যাওয়া, সম্পদ ও আয়বৈষম্য, সরকারি ঋণ বেড়ে যাওয়া এবং বেকারত্ব। বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। গত বুধবার সংস্থাটি এ প্রতিবেদন প্রকাশ করে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বাংলাদেশে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অংশীদার হিসেবে কাজ করেছে। সিপিডি জানিয়েছে, তারা বাংলাদেশের মোট ৭১টি কোম্পানির ওপর জরিপ করে ঝুঁকির এ তালিকা প্রস্তুত করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে দেয়। তার ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়।
গত বছর ব্যবসায়ীরা বাংলাদেশের প্রধান পাঁচটি ঝুঁকি চিহ্নিত করেছিলেন। সেগুলো ছিল উচ্চ মূল্যস্ফীতি, ঋণ-সংকট, উচ্চ পণ্যমূল্যের ধাক্কা, মানবসৃষ্ট পরিবেশগত ক্ষতি ও সম্পদের জন্য ভূরাজনৈতিক প্রতিযোগিতা। মূল্যস্ফীতি এবারও অর্থনীতির জন্য ঝুঁকি বিবেচনা করছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।
প্রতিবেদনে জ্বালানি-সংকটের কারণে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। এতে গ্যাসনির্ভর শিল্প বিশেষ করে সিরামিক, ইস্পাত, টেক্সটাইল—এসব খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। বর্ধিত দামে চাহিদার তুলনায় ৬০ শতাংশ গ্যাস সরবরাহ পাওয়ার কথাও বলা হয়েছে প্রতিবেদনে।ব্যবসায়ীদের জন্য দ্বিতীয় ঝুঁকি মূল্যস্ফীতি। উচ্চ মূল্যস্ফীতির কারণে ব্যবসায়ীরা দীর্ঘ মেয়াদে বিনিয়োগের ক্ষেত্রে অনিশ্চয়তার মুখে পড়েন।